ক্লাব বিশ্বকাপে নাটকীয় জয় ইন্টার-ডর্টমুন্ডের

0
66

ফিফা ক্লাব বিশ্বকাপে দারুণ নাটকীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ইউরোপের দুই শক্তিশালী ক্লাব ইন্টার মিলান ও বরুসিয়া ডর্টমুন্ড। জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ২-১ গোলে হারিয়ে শেষ মুহূর্তে স্বস্তির নিশ্বাস ফেলেছে ইন্টার মিলান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউন্সের বিপক্ষে গোলবন্যার এক ম্যাচে ৪-৩ ব্যবধানে জয় পায় বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের শুরুটা ভালো হয়নি ইন্টারের জন্য। মাত্র ১১ মিনিটেই জাপানি ক্লাব উরাওয়াকে এগিয়ে দেন রিয়োমা ওয়াটানাবে। প্রথমার্ধে সেই ব্যবধানই বজায় ছিল। এরপর দীর্ঘ সময় চেষ্টা করেও গোলের মুখ দেখতে ব্যর্থ হয় ইন্টার।

শেষ পর্যন্ত ৭৮ মিনিটে সমতা ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই নাটকীয়ভাবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) গোল করে জয় নিশ্চিত করেন ভ্যালেন্টিন কার্বোনি।

এদিকে সানডাউন্সের বিপক্ষে ম্যাচে শুরুতে চাপে পড়ে যায় জার্মান ক্লাব ডর্টমুন্ড। ১১ মিনিটে লুকাস রিবেইরো কোস্তার গোলে এগিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ক্লাবটি। তবে পাঁচ মিনিটের মধ্যেই ফেলিক্স মেচার গোলে সমতায় ফেরে ডর্টমুন্ড।

এরপর ধারাবাহিক আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ৩৪ মিনিটে গুইরেসি ও ৪৫ মিনিটে বেলিংহ্যাম গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে দেয় দলকে। দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের হয়ে আরও একটি গোল আসে, যদিও সেটি ছিল প্রতিপক্ষ খেলোয়াড় খুলিসো মুডাউয়ের আত্মঘাতী গোল (৫৯ মিনিট)।

তবে হার মানেনি সানডাউন্স। ৬২ মিনিটে ইকরাম রেনার্স ও ৯০ মিনিটে লেবো মোথিবার গোলে ব্যবধান কমিয়ে আনে তারা। শেষ মুহূর্তে সমতা ফেরানোর জন্য একের পর এক আক্রমণ করলেও, ডর্টমুন্ডের রক্ষণ আর ভাঙতে পারেনি দক্ষিণ আফ্রিকার ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here