মানিকগঞ্জে প্রশাসনের অভিযান, দুই হাসপাতালকে ৭০ হাজার টাকা জরিমানা

0
73

মানিকগঞ্জে সদর উপজেলার বাসস্ট্যান্ড জয়রা এলাকায় ‘আল-মদিনা জেনারেল হাসপাতাল’ ও বাসস্ট্যান্ড কাঁচাবাজারে ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে’ বিভিন্ন অনিয়মের দায়ে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। অভিযানে ‘আল-মদিনা জেনারেল হাসপাতালকে ৫০ হাজার টাকা ও ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) মোঃ আহসান উল হক এই অভিযানের নেতৃত্ব দেন। প্রায় কয়েক ঘণ্টাব্যাপি এই অভিযানে দেখা যায়, হাসপাতাল গুলোতে ডাক্তার ও নার্স না থাকাসহ একাধিক অনিয়ম পাওয়ায় এই সচেতন মূলক অর্থদণ্ড প্রদান করা হয়।

আল-মদিনা হাসপাতালে অভিযানের সময় মো. আহসান উল হক বলেন, একটা হাসপাতালের লাইসেন্স পাওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে সেই ক্রাইটেরিয়া ফিলাপ না করার কারণে উনারা লাইসেন্স পায় নাই এবং দীর্ঘদিন যাবৎ তারা লাইসেন্স ছাড়াই হাসপাতাল চালাচ্ছেন। এই অপরাধের জন্য আমরা তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি এবং কিছু নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে সেগুলো প্রতিপালন না হলে আমরা আরো কঠিন ব্যবস্থা গ্রহণ করব।

এছাড়াও ‘মানিকগঞ্জ সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে ডিউটি ডাক্তার না থাকা ও হাসপাতাল কর্তৃপক্ষের কিছু গাফিলতির কারণে তাদেরকেও জরিমানার আওতায় আনা হয়। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে সঠিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here