মঙ্গলবার রাতে উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয় বলে জানান বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
বুধবার দুপুরে তিনি বলেন, টিসিবির পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য সংরক্ষণের খবর পেয়ে মঙ্গলবার রাতে উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়।

অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টুনে এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়; যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা বলেন ইউএনও।
এ সময় টিসিবি পণ্য মজুদ ও বিক্রির জন্য সংরক্ষণ করার দায়ে কাউসারকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ইউএনও তানভীর। তবে ব্যবসায়ী কাউসারের দাবি, তেলগুলো কুমিল্লার আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে ক্রয় করে মজুদ করেছিলেন তিনি।
টিসিবি কুমিল্লা জেলার উপ-পরিচালক মো. মামুনুর রশিদ গাজী বলেন, তেলগুলো খোলা বাজারে কীভাবে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কোনো ডিলার কিংবা কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও তানভীর হোসেন বলেন, জব্দ করা তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে। বিষয়টি টিসিবি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

