২০০৮-এর নির্বাচনে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে: দুলু

0
72

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের অবৈধ নির্বাচনে দায়িত্বপালনকারী নিবার্চন কমিশনার (সিইসি), পুলিশ কর্মকর্তাসহজড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

আজ শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন জাতীয়তবাদী কৃষকদল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক মন্ত্রী দুলু বলেন, ‘২০০৮ সালের কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একের পর এক জালিয়াতির মাধ্যমে নির্বাচন করে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় ছিল। এ সময়ে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম নির্যাতন করেছে।’

তিনি আরও বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জী তার নিজের লেখা বইয়ে পরিস্কার ভাবে লিখেছেন, কিভাবে ২০০৮ সালের ঐ নির্বাচনে কারচুপি করে বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। তাই শুধু ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জড়িতদের বিচার নয়, ২০০৮ সালের নির্বাচনে জড়িতদের এবং ১/১১ এর কুশিলবদের গ্রেপ্তার করে বিচার করতে হবে। ১/১১ এর কুশিলব ও ক্ষমতাধারীরা সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করেছিল, তার মাজা ভেঙ্গে দিয়েছিল। তাদের কারণেই আজ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাহিরে অবস্থান করছেন।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘দেশের মানুষ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। পিআর বা সংখ্যানুপাত পদ্ধতির নির্বাচন চায় না।’

রাষ্ট্র সংস্কারের বিষয়ে দুলু বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। তাই দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরী সংস্কার শেষ করে আগামী ফেব্রুয়ারী মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন দিতে হবে।’

সমাবেশে দুলু আরও বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসরেরা মাঠে ময়দানে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই তাদের সকল ষড়যন্ত্র সর্ম্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসরেরা যে জুলুম দুঃশাসন চালিয়েছে, দেশের মানুষকে তা ভুলে গেলে চলবে না।’

পিপরুল ইউনিয়নের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালী বেগম, জেলা বিএনপির সদস্য নাটোর পৌর সভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা কৃষক দলের আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব হাসান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here