ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ

0
71

প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও সম্ভাবনা জাগিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হলো দ্বিতীয় ম্যাচেও। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হলো রোস্টন চেজের দলের।

গ্রানাডা টেস্টে গতকাল রাতে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টে উইন্ডিজ হেরেছে ১৩৩ রানে। এর আগে বার্বাডোজে সিরিজের প্রথম টেস্ট ১৫৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। জ্যামাইকার স্যাবাইনা পার্কে হোয়াইটওয়াশ এড়াতে আগামী শনিবার থেকে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে ক্যারিবিয়ানরা। ওই অঞ্চলে এটিই হতে যাচ্ছে প্রথম দিবা-রাত্রির বা গোলাপি বলের টেস্ট।

সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে ২৫৩ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ৩৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হয় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন স্টিভেন স্মিথ। হাফ সেঞ্চুরি আসে ক্যামেরন গ্রিনের ব্যাটেও। ফলে উইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রানের।

মোটামুটি এই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটারই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। কেউ হাঁকাতে পারেননি ফিফটি। বিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন কেবল রোস্টন চেজ (৩৪) ও শামার জোসেফ। তাতে ১৪৩ রানেই থামে ক্যারিবিয়ানরা। হার দেখে ১৩৩ রানে।

এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টানা ৫ টেস্ট সিরিজ জিতল অস্ট্রেলিয়া। এছাড়া ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজে তারা অপরাজিত রইল ৭ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ নিজেদের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ১৯৯১ সালে স্যার ভিভিয়ান রিচার্ডসের নেতৃত্বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here