যমুনা ও সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

0
62
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও বাংলাদেশ সচিবালয়সহ রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় আবারও সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন ও ধর্মঘট নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার (৮ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরে প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৯ জুলাই ২০২৫, বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং এবং মিন্টু রোড ক্রসিং পর্যন্ত) যেকোনো সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাসমূহে শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here