ইতিহাস গড়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইউরোপের দেশ ইতালি। নেতৃত্ব দিয়ে দেশটিকে দারুণ এই অর্জন এনে দিয়েছেন জো বার্নস। একসময় অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলেছেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বার্নস ইতালির হয়ে খেলা শুরু করেছেন গত বছর থেকে। টেস্টে তার গড় পয়ত্রিশের বেশি। চাইলে অস্ট্রেলিয়ায় আরও খেলতে পারতেন তিনি। কেন দেশ বদল করে ইউরোপে গেলেন বার্নস? এর পেছনে একটি যৌক্তিক কারণও আছে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে বার্নস বলেছেন, ‘ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত আমার কাছে ক্রিকেটের চেয়েও বেশি। পরিবার, ঐতিহ্যকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছি। এমন কিছু করে যেতে চাই যা আমি চলে যাওয়ার পরেও থেকে যায়।’
অস্ট্রেলিয়ার হয়ে ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ২৩টি টেস্ট খেলেছেন বার্নস। করেছেন ১৪৪২ রান। চারটি শতরান রয়েছে। পরে খারাপ ফর্ম ও অন্যান্য ক্রিকেটাররা ভালো করায় বাদ পড়েন তিনি। ২০২৪ সালে বার্নসের ভাই ডোমিনিক মারা যান। এরপরই ভাইকে সম্মান জানাতে ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত নেন বার্নস।
ইতালির ক্যালাব্রিয়াতে থাকে বার্নসের পরিবার। ডোমিনিকও ইতালির হয়েই খেলেছিলেন। নর্দার্ন ফেডেরালসের হয়ে খেলতেন। ইতালি দলে বার্নস পরেন ৮৫ নম্বর জার্সি। তার ভাইও একই জার্সি নম্বর পরে খেলতেন।
বার্নসের আগমনেই মূলত বদলে যায় ইতালির ক্রিকেট। তার চৌকস নেতৃত্বেই প্রথমবারের মতো পা রাখে বিশ্বকাপে। এই যাত্রায় রোমানিয়ার বিরুদ্ধে একটি ম্যাচে ৫৫ বলে ১০৮ রান করেন তিনি। তার কারণেই ক্রমশ পেশাদার হয়ে উঠছেন ইতালির ক্রিকেটাররা।

