মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের মতো বিশ্বখ্যাত পেসার থাকায় অস্ট্রেলিয়া দলে বিকল্প হিসেবেই থাকেন স্কট বোল্যান্ড। তবে যতটুকু সুযোগ পান, তার পুরোটাই উসুল করেন এই পেসার। জ্যামাইকার স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়া ৪ পেসার খেলানোয় বাদ পড়েন লায়ন, দলে ঢোকেন বোল্যান্ড।
সুযোগ পেয়ে নিজেকে আরও একবার প্রমাণ করেন ৩৬ বছর বয়সী বোল্যান্ড। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার তিনিই। ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছেন বোল্যান্ড। আর তাতে এক ঐতিহাসিক রেকর্ডও গড়ে ফেললেন তিনি।
বিগত ১১৫ বছরের মধ্যে টেস্টের সেরা বোলিং গড়ের কীর্তি গড়েছেন বোল্যান্ড। ১৯১৫ সালের পর থেকে অন্তত ২০০০ বল করেছেন, এমন বোলারদের মধ্যে বোল্যান্ডের গড়ই সেরা। ডানহাতি এ পেসার ১৪ টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন ১৭.৩৩ গড়ে।
গোলাপি বলের জ্যামাইকা টেস্টে বোলাররা ভালো করলেও ধুঁকছে ব্যাটাররা। প্রথম দিন অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২২৫ রানে গুটিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১ উইকেটে ১৬। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে অজিরা লিড পায় ৮২ রানের।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে অস্ট্রেলিয়া। ২৯ ওভার ব্যাট করে ৯৯ রান তুলতেই চলে গেছে ৬ উইকেট। তবুও এরই মধ্যে ১৮১ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। লিডটা দুই শ’র ওপরে নিতে পারলে জয়ের মুখ দেখা কঠিনই হবে ওয়েস্ট ইন্ডিজের সামনে।

