দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট থেকে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতাসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
এদিকে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি গেইটে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি গোলাম মোহাম্মদ কিবরিয়া, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশরাফুজামান মাসুমসহ নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো বাংলার মাটিতে থাকায় এবং সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এর নমুনা দেখা গেছে গোপালগঞ্জে। তাই অরজগতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।

