রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকায় ভাড়া বাসা থেকে পারভিন আক্তার (২৪) নামের এক গৃহবধূ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে মগবাজারে আমবাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি নাদিরা বেগম বলেন, সকালে তার ছোট ভাইয়ের সঙ্গে মোবাইল নিয়ে ঝগড়া হয়। সে সময় তার স্বামী বাইরে ছিল। দুপুরের সবার অগোচরে রুমের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পারিবারিক কোনও বিষয় নিয়ে কোনও কলহ ছিল কিনা তা জানা নেই বলে জানিয়েছেন নাদিরা।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
নিহত পারভীন মাদারীপুর সদর উপজেলার ছিলাচর গ্রামের মৃত চান মিয়ার মেয়ে। তার স্বামী সাগর শরীফ প্রাইভেট কার চালক। দুই ছেলে ও স্বামী নিয়ে মগবাজার আমবাগান চল্লিশ ঘর ভাড়া বাসায় থাকতো।

