স্ত্রীসহ আলেশা মার্টের চেয়ারম্যানের ৪ বছরের কারাদণ্ড

0
72

প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীর বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায়ে চার বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের ৭ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের পেশকার মইনুল হক বলেন, ‘রায় ঘোষণায় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’

ভুক্তভোগী আলা উদ্দিন হোসেন ২০২২ সালের ৪ আগস্ট মঞ্জুর আলম সিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে আসামি করে আদালতে এই মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৫ আগস্ট ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টে অফারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮১ টাকায় তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। কিন্তু যথাসময়ে পণ্য না আসায় তিনি টাকা ফেরত চান। আসামিরা ২০২২ সালের ২১ এপ্রিলের একটি চেক প্রদান করে। আসামির একাউন্টে টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। পরে মামলার বাদী আসামিকে উকিল নোটিশ পাঠান।

গত বছরের ১৫ ডিসেম্বর এ মামলার চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাচলে ২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

উল্লেখ্য, গত বছরের ২৫ জানুয়ারি চেক ডিজঅনারের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে ছয় মাসের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here