ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ জেলা শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা সুমন। সমাবেশ পরিচালনা করেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
নাহিদ ইসলাম বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষ সবসময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন। ’২৪ এর অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন সুনামগঞ্জের তিনজন শহীদ আয়াতুল্লাহ, শহীদ হৃদয়, শহীদ সোহাগ। আমরা তাদের ঋণ শোধ করতে পারব না। তাদের স্বপ্নের ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলব।
দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। জুমার নামাজের পর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় পদযাত্রা। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন ও যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকসহ কেন্দ্রীয় নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন যুবশক্তির জেলা এনসিপর যুগ্ম সমন্বয়কারি আবু সালেহ নাসিম, ইসহাক আমীনী, শহীদুল ইসলাম, জেলা আহবায়ক ইমনোদ্দোজা, সদস্য সাকিব, এনসিপির জেলা কমিটির সদস্য তাসাদ্দুক রাজা ইমন, ফয়সল আহমেদ, রেজাউল করিম, আলী হোসেন খান প্রমুখ।

