গাজীপুরে নৌকা ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

0
62

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিল থেকে নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর মরদেহ একে একে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সর্বশেষ রোববার সকালে বিলের কচুরিপানার নিচ থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার আরও দুটি মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

নিহত শিক্ষার্থীরা হলেন- সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন (১৮) এবং সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৭)। তাঁরা চলতি বছর এসএসসি পাস করেছেন।

স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকায় করে মকস বিলে ঘুরতে যান। ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে দুজন তীরে উঠলেও তিনজন পানিতে নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘মকস বিলে তিন শিক্ষার্থীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ এখানে স্বস্তির জন্য ঘুরতে আসে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি।’

ফায়ার সার্ভিস কর্মকর্তা ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here