পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যু, বাবা আহত

0
51

নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিম উদ্দিন (৪৮) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্টে ছেলেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন তার বাবা আকবর আলী। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের পাবই (হিন্দুপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির বাইরে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জার থেকে সংযোগ বিচ্ছিন্ন করার সময় হঠাৎ শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হন হাসিম উদ্দিন। তার চিৎকার শুনে বাবা আকবর আলী ছুটে গিয়ে ছেলেকে ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে শ্যামগঞ্জের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক হাসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আকবর আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মৃত হাসিম উদ্দিন খলিশাউড় ইউনিয়নের পাবই (হিন্দুপাড়া) গ্রামের বাসিন্দা। হাসিম উদ্দিনের আকস্মিক মৃত্যুতে তার মা সুবীর নেছা ও বাবা আকবর আলীর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here