সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। ফলে বন্ধ রয়েছে সব ধরনের যানচলাচল। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
সোমবার (৪ আগস্ট) ভোর থেকে সুনামগঞ্জ জেলা থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। পরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন তাহিরপুর, বিশ্বম্ভরপুরসহ কয়েকটি উপজেলার মানুষ।
সাধারণ যাত্রীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো জেলার যানচলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এতে শহরজুড়ে যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। বৃষ্টির মধ্যে বাস থেকে নেমে অনেককে দীর্ঘপথ হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী ও শিশু যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন।
আশরাফ মিয়া বলেন, যানচলাচল রেখে বিচারের দাবি বিষয়টি কষ্টদায়ক। কয়েকজন মানুষের তুচ্ছ ঘটনার জন্য পুরো জেলাকে ভোগান্তি পোহাতে হচ্ছে। বৃষ্টির মধ্যেই ছেলে-মেয়েকে নিয়ে সিলেট যাওয়ার জন্য কাউন্টারে এসেছি। এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন তাদের নিয়ে বৃষ্টির মধ্যেই বসে আছি।
শ্রমিক নেতা ইজাজুল হক বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত এই জেলা থেকে কোনো দূর পাল্লার বাস চলাচল করবে না।
উল্লেখ্য, গত রোববার সকালে জেলার শান্তিগঞ্জ এলাকায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাসের হেলপারকে মারধর করা হয়েছে এমন অভিযোগ এনে পৌর শহরের নতুন বাস স্টেশন এলাকায় সড়ক অবরোধ করে করেন শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে সেই অবরোধ তুলে নেওয়া হয়। রাতে হেলপারকে মারধরে জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবিতে জেলার দূর পাল্লার সব বাস বন্ধ রেখে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দেয় পরিবহন মালিক-শ্রমিকরা।


