রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী এলাকা বগাখালী বাজার থেকে ২২ বছর বয়সী এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। আটককৃত ভারতীয় নাগরিকের নাম মনচন্দ্র চাকমা। এসময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়।
বিজিবির সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজারে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করার দায়ে আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা নামে এক ভারতীয় নাগরিককে আটক করে। আটককৃত ব্যক্তি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতেলংলে এলাকার চন্দ্র হানশু চাকমার ছেলে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিক চোরাচালান ব্যবসার সাথে জড়িত বলে জানায় বিজিবির সূত্র।


