বাংলাদেশকে অনেক সাফল্য এনে দেওয়া তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাঙামাটিতে ঋতুপর্ণাদের বাড়িটি জীর্ণ-শীর্ণ হওয়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে বিসিবিতে পরিচালকদের সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। তিনি জানান, ঋতুপর্ণার গ্রামে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্তটি তাদের সভায় অনুমোদন দেওয়া হয়েছে।
ঋতুপর্ণা শুধু বাংলাদেশের ফুটবলই নয়, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা তারকা। তার গোলেই ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গত মাসে মিয়ানমারকে হারিয়ে বাংলাদেশ যে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তাতেও জোড়া গোল ঋতুপর্ণার। রাঙামাটির প্রত্যন্ত অঞ্চলে অনেকটা জীর্ণ-শীর্ণ অবস্থা তার বাড়ি।
ছোটবেলায় বাবাকে হারানো এই ফুটবলার তার একমাত্র ছোট ভাইকেও হারান বছর তিনেক আগে। বড় তিন বোনের বিয়ে হয়ে যাওয়ার পর ঋতুপর্ণাদের গ্রামের বাড়িতে তিনি ও তার মা থাকেন। ঋতুর আয়েই চলে সংসার। তার মায়ের অসুস্থতার পেছনেও অনেক ব্যয় হয়। ফলে নিজের বাড়ির চেহারা বদলানোর মতো অর্থ জোগাড় করা হচ্ছে না বাংলাদেশ নারী ফুটবল তারকার। বিসিবি তার সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে।


