ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পতনের দিন রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।
রোববার (১০ আগস্ট) বিচারপতি মো. গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। আগামীকাল সোমবার (১১ আগস্ট) এই মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার সকালে এই মামলায় গ্রেফতার চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন- শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল। সাবেক ডিএমপি কমিশনারসহ অপর চার আসামি এখনও পলাতক রয়েছেন।
অন্যদিকে গত ৩ জুন মামলার পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ওই চার আসামি হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।
এর আগে গত ২১ এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরে ১৪ জুলাই আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

