ভারতের নয়াদিল্লিতে দেয়াল ধসে নিহত ৭

0
61

ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেয়াল ধসে পড়ে দুই শিশুসহ কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, শুক্রবার রাতভর বৃষ্টিপাতে ধসে যাওয়া দেয়ালের নিচ থেকে কয়েকজনকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়।

পরে হাসপাতালের চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। দেয়াল চাপায় নিহতরা দিনমজুর বলে দিল্লি পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ঐশ্বর্য শর্মা জানিয়েছেন।

টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে দিল্লির জৈতপুরের মোহন বাবা মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় দেয়াল ধসের ওই ঘটনা ঘটেছে। নিহতদের কয়েকজন দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের অভিবাসী শ্রমিক।

প্রাথমিকভাবে দিল্লি ফায়ার সার্ভিস দেয়াল ধসে আটজনের মৃত্যুর খবর জানালেও পরে সাত জনের তথ্য নিশ্চিত করেছে। এছাড়া আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here