চাচার হাতে ভাতিজা খুন

0
61

চাঁদপুরের ফরিদগঞ্জে টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে চাচা ধারালো অস্ত্রের আঘাতে প্রবাস ফেরত ভাতিজা বাবু (২৪) নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়। ঘটনার পর তার দুই ছেলে শাকিল ও রাকিব পালাতক রয়েছে।

বাবু ফরিদগঞ্জ উপজেলার বড়গাঁও এলাকার রওশন গাজীর ছেলে।

আটক চাচা একই এলাকার মৃত সৈয়দ আলী গাজীর ছেলে হাসান গাজী ৪০।

আহতরা হলেন- মৃত সৈয়দ আলী গাজীর ছেলে ও নিহত বাবুর বাবা রওশন গাজী ও তার ভাই এমরান হোসেন।

জানা যায়, প্রবাসে ফেরত ভাতিজা বাবুর কাছে কিছু টাকা পাবে চাচা হাসান। সোমবার দুপুরে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে চাচা ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবুর পরিবারের সকলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে বাবুর মৃত্যু হয়। এ সময় বাবুর বাবা রওশন এবং তার ভাই এমরানও গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক এমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অন্যদিকে, রওশন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাবা রওশান গাজী বলেন, বাবুর কাছে টাকা পাওনা নিয়ে চাচা হাসানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জেরে হাসান ও তার দুই ছেলে উত্তেজিত হয়ে বাবুকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এমরানও গুরুতর আহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, হামলাকারীদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুইজন পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here