বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান, মাদক-বোমাসহ কোটি টাকা উদ্ধার

0
64

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে নগদ ১ কোটি ১৩ লাখ টাকা, ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবারাত ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। এতে ১৩টি তাজা ককটেল বোমা, ২৫টি আধা-প্রস্তুত ককটেল বোমা, ৪০০ গ্রাম গানপাউডার, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন এবং ১টি টাকা গণনার মেশিন জব্দ করা হয়।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, বুনিয়া সোহেল শুক্রবার রাতে জেনেভা ক্যাম্পে অবস্থান করবে। তাকে গ্রেফতারের জন্য যৌথ বাহিনী অভিযান চালায়। তবে বাহিনী পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয় এবং আসামিরা দরজা-জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদকসহ ৩৮টি মামলা রয়েছে। চলতি বছরের শুরুতে গ্রেফতার হয়ে ছয় মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে পুনরায় অপরাধ কর্মকাণ্ড শুরু করে। মাত্র দুই দিন আগে তার সহযোগীরা জেনেভা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় পরিচালিত অভিযানে ১৩ জন সহযোগীকে গ্রেফতার করা হয়।

জব্দকৃত সকল মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বুনিয়া সোহেলসহ অন্যান্য আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here