রাজশাহীর বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ।
নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ওই বাড়িতে মাটির ঘরে থাকতেন মনিরুল। পরিবারের চার সদস্যই মারা গেছে। মনিরুল ঋণগ্রস্ত ছিল বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাকিদের হত্যার পর আত্মহত্যা করেছে মনিরুল।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, আমরা জানতে পেরেছি মনিরুল তার স্ত্রী ও দুই সন্তানকে গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

