আসন্ন এশিয়া কাপের দলে শুভমান গিলের থাকা নিয়ে ছিল শঙ্কা। তবে সেই শঙ্কা উড়িয়ে সহ-অধিনায়ক হিসেবেই ডাক পেয়েছেন গিল। সেইসঙ্গে অনিশ্চয়তায় থাকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে ১৫ সদস্যের এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টায় ভারতীয় দল ঘোষণার সময় নির্ধারিত ছিল। তবে মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়, ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
চমক রেখে ভারতের এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা, কারা আছেন কারা নেই
এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তাই দলে জায়গা পাননি বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ারে সঙ্গে ইনজুরির কারণে জায়গা হয়নি ঋঝভ পন্থের। এছাড়া ফর্মে থাকলেও, সাম্প্রতিক সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ নেই এশিয়া কাপের দলে।
উইকেটরক্ষক হিসেবে দলে আছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান, তিলক বার্মা। আর মিডল অর্ডার সামলানোর দায়িত্বে আছেন অধিনায়ক সূর্যকুমার যাদব, শিভাম দুবে।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপের আসর বসবে। এই টুর্নামেন্টে ভারত ‘এ’ গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পাশাপাশি ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে।
ভারতের এশিয়া কাপ স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা ও রিংকু সিং।

