বনানীর সিসা বারে হত্যা মামলায় ৪ আসামি রিমান্ডে

0
87

রাজধানীর বনানী এলাকায় সিসা বারে ছুরিকাঘাতে রাহাত হোসেন রাব্বি নামের এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় ৪ আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই আমজাদ শেখ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। এছাড়া রাষ্ট্র পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মীর হোসেন, ফজলে রাব্বি, সাব্বির আহমেদ সুমন এবং আরাফাত ইসলাম ফাহিম।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৪ আগষ্ট ভোর সাড়ে ৫টার দিকে বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের ওই সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাহাত হোসেন রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাব্বিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ১৫ আগষ্ট রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here