মাউশির চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে মামলা

0
59

কেরানীগঞ্জের আগানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষককে নোটিশ বা অব্যাহতি না দিয়ে সেই জায়গায় সাবেক প্রধান শিক্ষক তার স্ত্রীকে নিয়োগ করার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ সহকারী জজ দেবী রাণী রায়ের আদালতে বিদ্যালয়ের সাবেক শিক্ষক নাসির উদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বাদীপক্ষের আইনজীবী আরিফুল ইসলাম জানান,আগামী ২৬ আগস্ট মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

মামলার অপর বিবাদীরা হলেন- ওই স্কুলের সাবেক সভাপতি জাকির আহমেদ, সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, তার স্ত্রী শিক্ষিকা রাসিদা আক্তার, উপ-আঞ্চলিক শিক্ষা কর্মকর্তা, ঢাকার জেলা শিক্ষা কর্মকর্তা এবং কেরানীগঞ্জের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ৩ মার্চ পত্রিকায় সমাজবিজ্ঞানের শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ নিয়োগদানের লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগপ্রাপ্ত হন বাদী। ২০ মার্চ তিনি সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

২০১১ সাল পর্যন্ত তিনি চাকরি করতে থাকেন। জাকির আহমেদ এবং তোফাজ্জল হোসেন বাদী নাসির উদ্দিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি ধামকি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। ২০১৩ সালের ২২ মার্চ একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রাসিদা আক্তারকে জাকির আহমেদ এবং তোফাজ্জল হোসেন ওই পদে ১১ এপ্রিল যোগদান করান।

বাদীর অভিযোগ, তার নিয়োগ বিজ্ঞপ্তির কাগজপত্র জাল জালিয়াতি করে রাসিদা আক্তারকে নিয়োগ দেখিয়ে এমপিওভুক্ত করান। যা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ। বিবাদীদের এমন কর্মকাণ্ডে বাদী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here