আর্জেন্টিনায় কোপা সুদামেরিকানা ম্যাচে রণক্ষেত্র, সংঘর্ষে আহত ১৯

0
70

আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। ইন্ডিপেনডিয়েন্তে ও চিলির ইউনিভার্সিদাদ দে চিলে–এর মধ্যকার ম্যাচটি সমর্থকদের সংঘর্ষের কারণে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা।

এ ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন চিকিৎসা শেষে ছাড়া পেলেও একজন গুরুতর আহত অবস্থায় আইসিইউতে রয়েছেন।

চিলির ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলে অভিযোগ করেছে, স্বাগতিক ইন্ডিপেনডিয়েন্তের সমর্থক এবং স্থানীয় পুলিশ মিলে তাদের দর্শকদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, প্রায় ১০০ চিলিয়ান সমর্থককে গ্রেপ্তার করা হলেও ইন্ডিপেনডিয়েন্তের কোনো হামলাকারীকে আটক করা হয়নি। এছাড়া, ইন্ডিপেনডিয়েন্তে সমর্থকরা ড্রেসিংরুমে ঢুকে খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা করে এবং টিম বাসেও ভাঙচুর চালিয়েছে।

অন্যদিকে, ইন্ডিপেনডিয়েন্তে ক্লাব এসব অভিযোগ অস্বীকার করেছে। তারা জানায়, সফরকারী সমর্থকরাই প্রথমে উত্তেজনা সৃষ্টি করে। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, টয়লেট ধ্বংস এবং আতশবাজি নিক্ষেপ করে বিশৃঙ্খলার সূত্রপাত ঘটায়। এর পাল্টা প্রতিক্রিয়াতেই সংঘর্ষের ঘটনা ঘটে।

সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেন, ফুটবলে সহিংসতার কোনো স্থান নেই। খেলোয়াড়, সমর্থক ও সংশ্লিষ্ট সবাইকে নিরাপদ পরিবেশ দিতে হবে। আশা করি, কর্তৃপক্ষ অপরাধীদের বিচারের আওতায় আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here