মীরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা পর্যটক-সিএনজি চালকদের সংঘর্ষে আহত ১০

0
44

মীরসরাই উপজেলার খৈয়াছড়া ঝর্নার সড়কে পর্যটকদের সাথে স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

‎সূত্রে জানা গেছে, নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে একদল পর্যটক বাসে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে আসেন। মহাসড়ক থেকে ঝর্না সড়কে প্রবেশের সময় স্থানীয় সিএনজি চালকরা বাস প্রবেশে বাধা দিলে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। এতে পর্যটক ও চালক উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

‎আহত পর্যটক অমিত অভিযোগ করে বলেন, ‘বাস নিয়ে প্রবেশের সময় স্থানীয় অটোরিকশা চালকরা আমাদের ওপর চড়াও হন এবং লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আমাদের কয়েকজন গুরুতর আহত হন।’ এই সময় তিনি পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

‎অন্যদিকে সিএনজি চালক আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি ছোট হওয়ায় আমরা বলেছিলাম বড় বাস ঝরনায় প্রবেশ করা যাবে না। কিন্তু তারা তা মানতে রাজি না হয়ে আমাদের ওপর হামলা চালায়।’
‎তিনি জানান, সংঘর্ষে চালক হোরা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল, পাবেল, কামরুল, আরমানসহ কয়েকজন আহত হয়েছেন।

‎মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘পর্যটকদের বাস ঝরনা সড়কে ঢোকার সময় সিএনজি চালকরা বাধা দিলে দুইপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’