ঘরের মাঠে ওয়ানডে সিরিজ। সেখানেই বাস্তবতা টের পেলো ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৩১ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। জবাবে হেডিংলিতে দক্ষিণ আফ্রিকা দাপট দেখিয়ে ম্যাচ জিতেছে ৭ উইকেটের ব্যবধানে।
হোয়াইট বল ক্রিকেটের অধিনায়ক হ্যারি ব্রুকের অধীনে শুরুটা খারাপ ছিল না স্বাগতিকদের। টস হেরে ব্যাট করতে নেমে এক পর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ৮২ রান। তার পর অধিনায়ক ১২ রানে রান-আউটের শিকার হলে এবং ওপেনার জেমি স্মিথ ৪৮ বলে সর্বোচ্চ ৫৪ রানে বিদায় নিলে অবিশ্বাস্য ধস নামে ইনিংসে। ৭.১ ওভারে শেষ সাত উইকেট পড়েছে মাত্র ২৯ রানে! স্পিনার কেশব মহারাজ ও ভিয়ান মুল্ডার ছিলেন মূল হন্তারক। মহারাজ ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরাও তিনি। মুল্ডার ৩৩ রানে নিয়েছেন ৩টি।
তার পর এইডেন মারক্রামের ৫৫ বলে করা ৮৬ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২০.৫ ওভারে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা। ওপেনিং জুটিতেই রায়ান রিকেলটনের সঙ্গে মিলে যোগ করেন ১২১ রান। মারক্রাম ১৮.১ ওভারে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার ইনিংসে ছিল ১৩টি চার ও ২টি ছয়। জয়ের কাছে থাকা অবস্থাতে দ্রুত বিদায় নেন তেম্বা বাভুমা (৬) ও ত্রিস্টান স্টাবস (০)। তার পর ডেওয়াল্ড ব্রেভিস ছক্কা মেরে জয়কে তরান্বিত করেছেন। অপরপ্রান্তে প্রতিরোধ গড়ে খেলতে থাকা রিকেলটন ৫৯ বলে ৩১ রানে অপরাজিত থেকেছেন।
ইংল্যান্ড পেসার সনি বেকার এমন অভিষেক হয়তো চাননি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন তিনি। ৭ ওভারে খরচ করেছেন ৭৬ রান। তাছাড়া ২৬ রানে তিনটি উইকেট নেন স্পিনার আদিল রশিদ।

