চবিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

0
63

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের উপর স্থানীয় হামালাকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্তপ্রাপ্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টায় তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউসার হোসেন।

তিনি বলেন, “শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় ৮ জনকে গতকাল (২ সেপ্টেম্বর) রাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জন এজাহারভুক্ত ও ৫ জন তদন্তপ্রাপ্ত আসামি।”

এজাহারভুক্ত আসামিরা হলো- মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

তদন্তপ্রাপ্ত আসারা হলো- মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

এর আগে, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় গতকাল (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় ৯৫ জনের নামোল্লেখ ও প্রায় ১০০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ।