ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ছাত্রদলের প্যানেলই বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও রর্যালির আগে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রুহুল কবির রিজভী বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি অবাধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।
বর্তমানে আলোচনায় থাকা পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এখন হঠাৎ করে কোনো কোনো রাজনৈতিক দল অনেক কথা বলছে। ভাই, পিআর পদ্ধতি কী? কোনো জনগণ বলতে পারবে? গ্রামের মানুষ, এ দেশের সাধারণ মানুষ কি বলতে পারবে? এটা তো কখনো ব্যবহার করা হয়নি। এর কোনো দৃষ্টান্ত নেই। এটি তো জনগণ চায় না।
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে রিজভী প্রশ্ন রাখেন, আপনারা কি পিআর পদ্ধতিতে নির্বাচন চান?— সঙ্গে সঙ্গে কর্মীরা ‘না না’ বলে স্লোগান দেন। এসময় তিনি বলেন, জনগণ সরাসরি পদ্ধতিতেই নির্বাচন চায়।


