১৪ মাস নিখোঁজের পর বিএসএফের মাধ্যমে ভারত থেকে দেশে ফিরলেন জাকির

0
46

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

রোববার ( ৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বিজিবির দাবি, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন ১৪ মাস ধরে নিখোঁজ ছিলেন।

জাকির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কায়েমপুরের আমির আলীর ছেলে।

বিজিবি অধিনায়ক জানান, রোববার সন্ধ্যায় বিজিবি ও বিএসফের মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিবি-বিএসএফ, দুই দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী জাকির হোসেন মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০২৪ সালের ৫ জুন থেকে নিখোঁজ হোন তিনি। স্বজনরা বিভিন্নভাবে খোঁজাখুঁজির পরও তাকে উদ্ধার করতে পারে নি। গত ০৫ সেপ্টেম্বর ভারতের বৈষ্ণবনগর থানা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে। পরে ঘটনাটি অবহিত করে বিজিবির ৫৩ ব্যাটালিয়নকে।

অত্যন্ত গুরুত্বে সঙ্গে জাকিরের পরিচয়ন নিশ্চিত করেন বিজিবি সদস্যরা। পরে বিএসএফকে জানালে জাকির হোসেনকে দেয় তারা। জাকির হোসেনকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি অধিনয়ক।