রাজনৈতিক দলগুলোর কাছে আজই যাচ্ছে জুলাই সনদের চূড়ান্ত ভাষ্য

0
41

জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য আজই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, সনদ প্রণয়নে সব দলের মতামত প্রতিফলিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার সংক্রান্ত সুপারিশ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ জানান, সনদে স্বাক্ষরের জন্য প্রতিটি দলকে ১৩ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে দুজন প্রতিনিধির নাম পাঠাতে অনুরোধ জানানো হচ্ছে।

সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজকের আলোচনায় দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, “যেসব সুপারিশ সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। আর যেসব সুপারিশ সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে কার্যকর করা সম্ভব, সেগুলোও বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।”

তিনি আরও জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে কিছু বিষয়ে অধ্যাদেশ জারি এবং পদক্ষেপ নেওয়ার কাজ শুরু করেছে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণ–অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দল অংশ নেয়। আগামী রবিবার বিকেল আড়াইটায় আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবে কমিশন।