অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইন্দোনেশিয়ার বালি। এ পর্যন্ত দেশজুড়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে শুধু বালি রাজ্যেই প্রাণ হারিয়েছেন ১৪ জন। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বন্যা। পরিস্থিতি মোকাবিলায় বালিতে এক সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর—আল জাজিরা, বিবিসি।
সোমবার থেকে টানা মুষলধারে বৃষ্টি শুরু হলে বালি ও পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশ প্লাবিত হয়। প্রবল বর্ষণে নদীর পানি উপচে পড়ায় বহু ঘরবাড়ি, হাসপাতাল, অফিস-আদালত ডুবে গেছে; ভেঙে পড়েছে সেতু ও প্রধান সড়ক। রাজধানী দেনপাসারে একাই নিহত হয়েছেন ৮ জন, নিখোঁজ ২। গিয়ানইয়ার এলাকায় প্রাণ গেছে ৩ জনের, বাদুং কাউন্টিতে ১ জনের।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কেবল বালিতেই নয়, পাশের নুসা তেঙ্গারাতেও কমপক্ষে ৩ জন মারা গেছেন। কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পানির তোড়ে অনেক এলাকায় প্রবেশই কঠিন হয়ে পড়েছে। এমনকি ট্রাকও চলাচল করতে হিমশিম খাচ্ছে।
বালির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যদিও শুক্রবার বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে, তবু দ্বীপজুড়ে এখনো তীব্র আবহাওয়া সতর্কতা জারি রয়েছে।

