চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

0
46

বরগুনার বামনা উপজেলায় অটোরিকশা চালক মো. আজিজুল (২২)কে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার স্থানীয় বাসিন্দা মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘটনার প্রায় সাত ঘণ্টা পর পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চালক আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে বলইবুনিয়া সড়ক ধরে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে। এরপর মরদেহ পাশের কচুরিপানায় ভর্তি ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে পুলিশ খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং রাতে সাইফুল ও হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সঙ্গে অটোরিকশা ও হত্যার কাজে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।

বামনা থানার ওসি হারুন অর রশীদ হাওলাদার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”