ফরিদা পারভীনের শারিরীক অবস্থা জানালেন ছেলে জাফর

0
87

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তার বড় ছেলে সংগীতশিল্পী ইমাম জাফর নোমানি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে মায়ের সর্বশেষ অবস্থা জানিয়েছেন।

তিনি লিখেছেন, “আম্মাকে (ফরিদা পারভীন) বুধবার বিকাল থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ওই সময় থেকে তার স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং রক্তচাপও থাকে না। ডাক্তাররা সর্বোচ্চ মাত্রার ওষুধ দিয়ে কৃত্রিমভাবে রক্তচাপ বজায় রাখার চেষ্টা করছেন। পাশাপাশি মেশিনের মাধ্যমে তার শ্বাসপ্রশ্বাস চালানো হচ্ছে।”

এ সময় তিনি দুঃখ প্রকাশ করে জানান, “এমন কঠিন সময়ে কিছু অসাধু মানুষ নানা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি। তবে সরকারের কয়েকটি মন্ত্রণালয় নিয়মিত খোঁজখবর নিচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষও সর্বোচ্চ সহযোগিতা করছে।”

পরিবারের পক্ষ থেকে তিনি আরও জানান, “আম্মার চিকিৎসার জন্য কোনো আর্থিক বা অন্য কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই। শুধু সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার শেষ সময়টুকু সহজ ও শান্তিময় করে দেন।”

উল্লেখ্য, ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরে লালনসংগীতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান এবং কোটি ভক্তের হৃদয় জয় করেন। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।