নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি

0
50

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির স্থলাভিষিক্ত হচ্ছেন। এর মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা কাটার আশা দেখা দিয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নেপালের প্রেসিডেন্ট দপ্তর এক ঘোষণায় এ তথ্য জানায়। জানা গেছে, রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনরত জেন-জির প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর কার্কির নামের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। স্থানীয় সময় শুক্রবার রাতেই তার শপথ গ্রহণের কথা রয়েছে।

সুশীলা কার্কি নেপাল ও ভারতে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। তিনি দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন।

সম্প্রতি প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের পর বিক্ষোভে অংশ নেওয়া তরুণদের একটি অংশ সুশীলা কার্কির নাম প্রস্তাব করে। নেপালে চলমান বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত অন্তত ৫১ জন নিহত হয়েছেন।

বিশ্লেষকদের মতে, আন্দোলনের সূচনা হয়েছিল সরকারের সোশ্যাল মিডিয়া বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে। তবে মূল কারণ হলো দীর্ঘদিনের দুর্নীতি, স্বজনপ্রীতি, রাজনৈতিক বৈষম্য এবং তীব্র অর্থনৈতিক সংকট। বিশ্বব্যাংকের তথ্যমতে, নেপালে ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রতি পাঁচজনের একজন বেকার। দেশটির মাথাপিছু আয় মাত্র ১,৪৪৭ ডলার।

সাধারণ নেপালিরা যখন বেকারত্ব ও মূল্যস্ফীতিতে বিপর্যস্ত, তখন প্রভাবশালী নেতাদের বিলাসী জীবনযাত্রা জনরোষ আরও উসকে দিয়েছে বলে বিশ্লেষকদের মন্তব্য।