নেপালে জেন-জি বিক্ষোভে নিহত ৫১, পালিয়েছে ১৩ হাজারের বেশি বন্দি

0
37

নেপালে চলমান জেন-জি আন্দোলনে সহিংসতার মাত্রা বাড়ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। তাদের মধ্যে রয়েছেন কাঠমান্ডুসহ বিভিন্ন জেলার সাধারণ মানুষ, তিনজন পুলিশ সদস্য ও একজন ভারতীয় নারী। খবর এনডিটিভি ও দ্য হিন্দুর। নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ ঘিমিরে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিক্ষোভে শত শত মানুষ আহত হয়েছেন, তবে প্রকৃত সংখ্যা স্পষ্ট নয়। বিভিন্ন হাসপাতালের হিসাবে কোথাও ৫০০, কোথাও আবার এক হাজারেরও বেশি আহতের কথা বলা হচ্ছে।

সহিংসতা নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায় সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা পাহারা বসানো হয়েছে। কয়েকজন মন্ত্রীকে নিরাপত্তার স্বার্থে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। শহরের একাধিক এলাকায় কারফিউ জারি আছে।

অস্থিরতার মধ্যে ভয়াবহ ঘটনা ঘটেছে দেশের কারাগারগুলোতেও। পুলিশের হিসাব অনুযায়ী, ১৩ হাজার ৫৭২ জন বন্দি পালিয়েছে। এছাড়া তদন্তাধীন অবস্থায় পুলিশের হেফাজতে থাকা আরও ৫৬০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

এদিকে সহিংসতা ছড়িয়ে পড়ায় সীমান্তেও সতর্কতা জোরদার করা হয়েছে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে। নয়াদিল্লি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রাজধানীসহ দেশজুড়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বন্দিদের পলায়নের ঘটনায় নেপালের অভ্যন্তরীণ নিরাপত্তা চাপে পড়েছে। সরকার জানিয়েছে, এ সংকট মোকাবিলায় সংলাপ, রাজনৈতিক সদিচ্ছা ও জনগণের আস্থা পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।