বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

0
40

হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

এর আগে অনিয়মের অভিযোগে গত ৩১ আগস্ট বিচারপতি আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। এরও আগে, ২৬ আগস্ট তাকে অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হয়।

জেলা জজ থাকাকালীন আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাদণ্ড দেন বিচারপতি আক্তারুজ্জামান।

গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় হাইকোর্টের মোট ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের বেঞ্চ থেকে বিচারকাজ পরিচালনার দায়িত্বও স্থগিত করা হয়।

সেই তালিকায় বিচারপতি মো. আক্তারুজ্জামান ছাড়াও ছিলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২০ অক্টোবর বিচারপতি অপসারণ সংক্রান্ত কাউন্সিল পুনরায় সক্রিয় হয়। নতুন করে গঠিত তিন সদস্যের এই কাউন্সিলে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী।