সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার

0
70

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের হাতে জিম্মি থাকা ৯ জন জেলেকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ তানভীর উদ্দিন প্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা থেকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম এবং ১টি দেশীয় অস্ত্রসহ রাঙ্গা বাহিনীর দুই সহযোগী নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জন জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গেলে বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সবাই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নাসির মোল্লা ও মিন্টু সরদার বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিল।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধারকৃত জেলেদেরও পরবর্তী পদক্ষেপের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট তানভীর আরও জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।