সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগঠক অ্যাডভোকেট শিরীন আক্তার শেলীকে সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ সেপ্টেম্বর শিরীন আক্তার শেলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের আরেকটি অভিযোগ ওঠে এবং প্রাথমিক তদন্তে তা সত্য বলে প্রতীয়মান হয়।
এ কারণে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শিরীন আক্তার শেলীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের কাছে।
এর আগে রোববার এনসিপি তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল। নোটিশে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া মন্তব্যগুলোকে অসাংগঠনিক ও কুরুচিপূর্ণ উল্লেখ করে ব্যাখ্যা চাওয়া হয়।

