অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

0
77

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ ৩৪ বছরের বেশি সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে তাঁর বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম বিপিএম। এ সময় অতিরিক্ত আইজিগণ, ঢাকার বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিদায়ি অনুষ্ঠানে সরদার তমিজউদ্দীনের পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক স্মরণ করে বক্তারা তাঁর প্রশংসা করেন। আইজিপি বাহারুল আলম বলেন, “সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।” তিনি বিদায়ী কর্মকর্তার সুস্থতা ও সুন্দর জীবনের কামনা করেন।

নিজ বক্তব্যে সরদার তমিজউদ্দীন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতের জন্য দোয়া কামনা করেন।

১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম। তিনি ঝালকাঠি ও মাদারীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রেলওয়ে পুলিশের প্রধান ছিলেন।