স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তন, দুই নতুন অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ

0
63

স্বাস্থ্যসেবায় এসেছে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন। স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করে দুইজন অতিরিক্ত মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন সহকারী সচিব এম কে হাসান জাহিদ।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. খায়ের আহমদ চৌধুরী, যিনি অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আর অধ্যাপক ডা. শেখ ছাইদুল হককে অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমানকে জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে ডা. মো. জানে আলম মৃধাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব পরিবর্তনের মাধ্যমে স্বাস্থ্যখাতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবার মান উন্নত করার লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে।