হালান্ডের জোড়া গোলে দুর্দান্ত জয় ম্যানসিটির

0
36

টানা দুই ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল। জোড়া গোল করে ম্যাচের নায়ক নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড, আরেকটি গোল করেছেন ফিল ফোডেন।

ম্যাচের আগে সাবেক বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন ও আজীবন সিটি সমর্থক রিকি হ্যাটনের (৪৬) অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। আবেগঘন পরিবেশেই শুরু হয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডার্বি।

১৮ মিনিটে জেরেমি ডোকুর দুর্দান্ত ক্রস থেকে হেডে গোল করেন ফিল ফোডেন। বিরতির পর ৫৩ মিনিটে আবারও ডোকুর পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। খালি পোস্টে সহজ সুযোগ মিস করলেও ৬৮ মিনিটে অর্ধেক মাঠ পেরিয়ে একক দৌড়ে গোল করে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন তিনি।

নতুন সাইনিং ইতালির অধিনায়ক জিয়ানলুইজি দোন্নারুম্মা সিটির হয়ে অভিষেকেই নজর কাড়েন দারুণ সেভে। অন্যদিকে, অনেক সুযোগ সৃষ্টি করেও ফাইনাল থার্ডে ব্যর্থ থেকেছে ম্যানইউ।

এই জয়ে সিটি উঠে এসেছে অষ্টম স্থানে, আর মৌসুমে মাত্র একটি জয় পাওয়া ম্যানইউ নেমে গেছে ১৪তম স্থানে।