ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে মাল খালাসের কাজ চলবে, আর বেনাপোল চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপারও স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতীয় ট্রাকচালক ও শ্রমিক সংগঠনগুলো ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে। ফলে বুধবার বাণিজ্য বন্ধ থাকলেও বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি শুরু হবে।
প্রতিদিন গড়ে বেনাপোল বন্দর দিয়ে ৩৫০ ট্রাক আমদানি ও ১০০ ট্রাক রপ্তানি হয়, আর আমদানি থেকে সরকারের দৈনিক প্রায় ৪০ কোটি টাকা রাজস্ব আদায় হয়।

