উপদেষ্টা নূরজাহান আপার ক্যান্সার, সিঙ্গাপুরে চিকিৎসার বিষয় মানবিক: আসিফ

0
66

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ক্যান্সারে আক্রান্ত এবং অনেক আগে থেকেই তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এটি সম্পূর্ণ মানবিক বিষয়, তাই চিকিৎসার ধারাবাহিকতাকে সম্মান করা উচিত।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, “আমি যতদূর জানি নূরজাহান আপা (স্বাস্থ্য উপদেষ্টা) ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসা আজকে সিঙ্গাপুরে হচ্ছে না, বরং অনেক আগে থেকেই তিনি সেখানেই চিকিৎসা নিয়ে আসছেন। কেউ ক্যান্সারে আক্রান্ত হলে উপদেষ্টা হওয়ার পর চিকিৎসার স্থান বা হাসপাতাল পরিবর্তন করা সম্ভব নয়। এটি একটি মানবিক বিষয় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে দেখাই সঠিক।”

চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “চিকিৎসা মাঝপথে বদলালে অনেক জটিলতা তৈরি হয়, আপনারা সে বিষয়ে অবগত আছেন।”

উপদেষ্টা আসিফ জানান, এটি নীতিনির্ধারকদের দায়িত্ব— দেশের স্বাস্থ্য খাতকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যাতে দুরারোগ্য রোগের চিকিৎসা দেশেই পাওয়া যায়। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে অনেক উদ্যোগ নিয়েছে। একসময় আমরা চিকিৎসার জন্য একটি দেশের ওপর নির্ভরশীল ছিলাম। কিন্তু এখন চীনের সহযোগিতায় কয়েকটি হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি এসেছে। এগুলো সম্পন্ন হলে স্বাস্থ্য খাতে আমরা আত্মনির্ভরশীল হতে পারব।”

এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি আগামী ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে ফেরার কথা রয়েছে।