বাংলাদেশের জন্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রাথমিক আলোচনা শুরু করেছে। সরকারের আশা, নতুন কর্মসূচির আওতায় আগামী তিন বছরে ৪০০ থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার ঋণ পাওয়া যেতে পারে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকে আইএমএফের প্রতিনিধি দলের সঙ্গে পরিচিতিমূলক বৈঠকের মাধ্যমে এ আলোচনা শুরু হয়। পরে প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে।
আলোচনার প্রথম দিনই সরকারের অবস্থান তুলে ধরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনৈতিক সুরক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচিতে অংশ নেবে সরকার। জনস্বার্থবিরোধী কোনো শর্ত মেনে ঋণ নেওয়া হবে না বলেও তিনি জানান।
অর্থমন্ত্রী বলেন, আগের আইএমএফ কর্মসূচির কিছু শর্ত একটি নির্বাচিত সরকারের জন্য গ্রহণযোগ্য ছিল না। তাই এবার দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আলোচনায় অংশ নেওয়া হচ্ছে।
এবারের আলোচনায় আর্থিক খাতের সংস্কার, চলতি অর্থবছরের বাজেট, রাজস্ব আহরণ, করছাড়ের নীতি এবং সরকারি কর্মচারীদের বেতন কাঠামোসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাচ্ছে।
সফর শেষে আইএমএফ প্রতিনিধি দল তাদের মূল্যায়ন প্রতিবেদন ওয়াশিংটনে জমা দেবে। প্রতিবেদন ইতিবাচক হলে আগামী অক্টোবরের পর নতুন ঋণ কর্মসূচি নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হতে পারে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের জানুয়ারি থেকে নতুন ঋণের অর্থ ছাড় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।