বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। একইসঙ্গে আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হন। এক পর্যায়ে তারা প্রধান গেট ঘিরে রাখেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি।
এদিকে জেলায় চারটি আসন বহালের দাবিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে। এর একটি দাখিল করেন বাগেরহাট প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। অপরটি দাখিল করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল।
রিট পিটিশনে বিবাদী করা হয়েছে বাংলাদেশ সরকার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং অ্যাটর্নি জেনারেলকে।

