কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণে জড়িত রমজান আলী (৩৫) কে দেশীয় তৈরি একটি বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া নারীর পরিচয় প্রকাশ করতে পারেনি পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় একটি ঘরে নারীকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নারীটিকে উদ্ধার করে। এসময় রমজান আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়।
রাত ৭টা পর্যন্ত অভিযান চলমান ছিল। জানা গেছে, এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও অংশ নেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “অপহরণ করে নারীকে জিম্মি করার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। একজনকে গ্রেফতার করা হলেও পলাতক অন্য দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

