দুই-তৃতীয়াংশ ফরাসি মুসলমান ধর্মীয় বিদ্বেষের শিকার

0
42

ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও ঘৃণা উদ্বেগজনক হারে বেড়েছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। ফরাসি ইনস্টিটিউট অফ পাবলিক ওপিনিয়ন (আইওপি) পরিচালিত ও প্যারিসের গ্রেট মসজিদ কমিশনকৃত এ জরিপের ফলাফলে দেখা গেছে, ফরাসি মুসলিমদের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৬৬ শতাংশ বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন।

১৫ সেপ্টেম্বর প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, ফ্রান্সে মুসলিমবিরোধী বিদ্বেষ এক ‘বহুমাত্রিক বৈষম্যমূলক ব্যবস্থা’ হিসেবে ছড়িয়ে পড়েছে। সমীক্ষায় অংশ নেন বড় শহরগুলোতে বসবাসরত এক হাজার পাঁচজন মুসলিম।

ফলাফলে দেখা গেছে, ৮২ শতাংশ মুসলিম মনে করেন দেশে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য ও ঘৃণা ব্যাপক আকার ধারণ করেছে। ৮১ শতাংশের মতে, গত এক দশকে এ বিদ্বেষ আরও বেড়েছে। গত পাঁচ বছরে ৬৬ শতাংশ মুসলিম সরাসরি বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন, যা সাধারণ জনগণের তুলনায় তিনগুণ বেশি।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত তরুণ মুসলিমরা। ২৫ বছরের কম বয়সি ৭৬ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তারা সরাসরি বর্ণবাদী আক্রমণের অভিজ্ঞতা পেয়েছেন। বৈষম্যের প্রধান কারণ হিসেবে ৫০ শতাংশ তাদের ধর্মকে এবং ৪১ শতাংশ মুসলিম পরিচয়কেই দায়ী করেছেন।

কর্মসংস্থান ও আবাসনের ক্ষেত্রেও বৈষম্য প্রকট। জরিপে অংশ নেওয়া ৫১ শতাংশ চাকরির আবেদনকালে এবং ৪৬ শতাংশ বাসা ভাড়া নিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছেন। অন্য ধর্মের মানুষের ক্ষেত্রে এ হার যথাক্রমে মাত্র ৭ ও ৬ শতাংশ।

ধর্মীয় স্বাধীনতা নিয়ে শঙ্কা বাড়ছে মুসলিমদের মধ্যে। ৬৪ শতাংশ মুসলিম মনে করছেন, তাদের ধর্ম পালনের স্বাধীনতা সীমিত হয়ে আসছে। ৫১ শতাংশ শারীরিক হামলার আশঙ্কা করছেন। হিজাবধারী নারীদের ক্ষেত্রে এ ভয় আরও বেশি—৬৬ শতাংশ।

অভিযোগ করতেও অনীহা বাড়ছে মুসলিমদের মধ্যে। জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ জানিয়েছেন, বৈষম্যের শিকার হলেও তারা অভিযোগ করার কথা ভাবেন না। অনেকেই সংগঠন বা এমনকি মসজিদের সাথেও যোগাযোগ করতে চান না।

সূত্র: মিডল ইস্ট আই