আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসর শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। শিরোপাধারী পিএসজিও অভিযান শুরু করেছে বড় জয়ে। তবে বায়ার্ন মিউনিখের কাছে হেরে গেছে বিশ্ব চ্যাম্পিয়ন চেলসি।
অ্যানফিল্ডে বুধবার রাতে ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জেতে লিভারপুল। অ্যান্ডি রবার্টসনের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। মার্কোস ইয়োরেন্তের জোড়া গোলে পয়েন্ট পাওয়ার আশা জাগায় আতলেতিকো। কিন্তু শেষ সময়ে তাদের আশা গুঁড়িয়ে দেন ভার্জিল ফন ডাইক। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
একই সময়ে শুরু হওয়া ম্যাচে ঘরের মাঠে চেলসিকে ৩-১ গোলে হারায় বায়ার্ন। আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। সফল স্পট কিকে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করার পর চেলসির হয়ে একটি গোল শোধ করেন কোল পালমার। দ্বিতীয়ার্ধের শুরুতে চেলসির বাজে রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে দলের তৃতীয় গোলটি করেন কেইন। এরপর আর জয়ে নিয়ে ভারতে হয়নি ভিনসেন্ট কোম্পানির দলের।
একই সময়ে মাঠে গড়ানো ম্যাচে ঘরের মাঠে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দেয় গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি। অধিনায়ক মার্কিনিয়োস দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান বাড়ান খাভিচা কাভারাৎস্খেলিয়া। দ্বিতীয়ার্ধে অন্য দুটি গোল করেন নুনো মেন্দেস ও গন্সালো রামোস।
একই রাতে মার্কাস থুরামের জোড়া গোলে আয়াক্সকে ২-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে গতবারের ফাইনালিস্ট ইন্টার মিলান।

